• ঢাকা
  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

বৃষ্টি আর দুর্যোগকে জয় করে লাখো আশেকে রাসুলের আখেরি মোনাজাত : নেকির দাওয়াতে রওনা ১১২ মাদানি কাফেলা


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ১০:১৮ অপরাহ্ন / ১০
বৃষ্টি আর দুর্যোগকে জয় করে লাখো আশেকে রাসুলের আখেরি মোনাজাত : নেকির দাওয়াতে রওনা ১১২ মাদানি কাফেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ উপরে বিশাল সাদা শামিয়ানা, নিচে বৃষ্টি ও বৈরী আবহাওয়া থেকে বাঁচতে নীল, কমলা ও কালো রঙের পলিথিন-ত্রিপলের অস্থায়ী ছাউনি। এমন প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ উপেক্ষা করেই রাজধানীর উত্তরার দিয়াবাড়িস্থ মেট্রোরেল স্টেশন সংলগ্ন বিশাল ময়দানে লক্ষ লক্ষ আশেকে রাসুলের ‘আমিন, আমিন’ ধ্বনি এবং অশ্রুসিক্ত আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামী বাংলাদেশের তিন দিনব্যাপী ‘সুন্নাতে ভরা ইজতেমা’।

শুক্রবার (২০ নভেম্বর) পবিত্র জুমার নামাজ শেষে এই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইজতেমা ময়দানের লাল গালিচা বিছানো মূল মঞ্চের সামনের অংশ থেকে শুরু করে সুবিশাল প্যান্ডেলের ভেতরে ও বাইরে তিল ধারণের ঠাঁই ছিল না। মূল মঞ্চ থেকে আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশ্বব্যাপী দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় নিগরান (তত্ত্বাবধায়ক) আল্লামা ইমরান আত্তারী।

মোনাজাতে দুই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন সবুজ-সাদা পাগড়ি ও টুপি পরিহিত লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় পুরো ময়দান জুড়ে এক হৃদয় বিদারক ও আধ্যাত্মিক দৃশ্যের অবতারণা হয়।

মোনাজাতে কুরআন ও সুন্নাহর জীবন বিধান মেনে সারা বিশ্বে নেকির দাওয়াত পৌঁছে দিতে মহান রবের সাহায্য কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি, সমৃদ্ধি এবং বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের হেফাজতের জন্য বিশেষ দোয়া করা হয়।

এর আগে বিশাল জুমার জামাতে ইমামতি করেন খলিফায়ে আমিরে আহলে সুন্নাত আল্লামা উবাইদ রাযা আত্তারী আল মাদানী এবং জুমার পূর্বে মূল বয়ান পেশ করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশের সম্মানিত সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী।

দুর্যোগের মাঝেও অটল অবস্থান ও সুশৃঙ্খল ব্যবস্থাপনা: গত বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ইজতেমায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসল্লি সমবেত হন। চলমান নিম্নচাপ ও বৈরী আবহাওয়ার কারণে ময়দানে বৃষ্টির পানি ও কাদা জমলেও তা ধর্মপ্রাণ মুসল্লিদের ইবাদতে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি।

ময়দানের চিত্রগুলোতে দেখা যায়, বাঁশের খুঁটির ওপর বিশাল সাদা শামিয়ানার নিচে বৃষ্টি থেকে বাঁচতে মুসল্লিরা নীল, কমলা ও কালো ত্রিপল টাঙিয়ে ছোট ছোট জামাতে বসে জিকির-আসকার ও বয়ান শুনছেন।

সন্ধ্যার পর মেট্রোরেল লাইনের পাশেই আলোক সজ্জায় সজ্জিত বিশাল এই ইজতেমা ময়দানটি এক মায়াবী ও নুরানি রূপ ধারণ করে। তিন দিন তিন রাত এতো বিপুল সংখ্যক মুসল্লি অবস্থান করলেও দাওয়াতে ইসলামীর নিজস্ব নিরাপত্তা ও স্বেচ্ছাসেবী বাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিনরাত তৎপরতায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক চিকিৎসাসেবার জন্য ময়দানে সার্বক্ষণিক মেডিকেল ক্যাম্পও চালু ছিল।

শেষ দিনের বয়ান ও ১১২টি মাদানি কাফেলার যাত্রাঃ শুক্রবার সকাল থেকে জুমার আগ পর্যন্ত ইসলামী শরীয়তের বিধি-বিধান, মা-বাবার প্রতি সন্তানের হক, আল্লাহভীতি, জুলুম-অত্যাচারের পরিণতি, নামাজের গুরুত্ব ও বেনামাজির ভয়াবহ শাস্তি, ব্যভিচার থেকে বেঁচে পবিত্র জীবন গঠন এবং মৃত্যু, কবর ও হাশরের প্রস্তুতির বিষয়ে ধারাবাহিক বয়ান করেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ কাওসার আত্তারী। বয়ানের ফাঁকে ফাঁকে হামদ ও নাত পরিবেশিত হয়।

বক্তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের রঙে জীবনকে রাঙিয়ে মুত্তাকি হওয়ার এবং শরীয়ত মোতাবেক নামাজ আদায়ের আহ্বান জানান।

​সমাপনী বক্তব্যে দাওয়াতে ইসলামী বাংলাদেশের সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী ইজতেমা সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পীর-মাশায়েখ ও আশেকে রাসুলদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আখেরি মোনাজাতের পরপরই নেকির দাওয়াত পৌঁছে দিতে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ৩ দিন, ১২ দিন, ৩০ দিন ও ৬৩ দিনের জন্য সংগঠনটির ১১২টি মাদানি কাফেলা সফর শুরু করেছে।