• ঢাকা
  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান : ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন / ৪
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান : ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২০ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

আটক করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৮১টি শাড়ি, ২৪টি কম্বল, ১৯টি চাদর, ৩ কেজি জিরা, ১৮ প্যাকেট ফুসকা, ১৯ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৭৩৭টি চকলেট, ৩৬০টি ওষুধ এবং ১ হাজার ৯৪টি কসমেটিকস সামগ্রী। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।