• ঢাকা
  • শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

সাংবাদিক শাওন আহমেদের অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে নরসিংদীর আমেনার পর সিলেটের সামিরুন হত্যার আসামিও ধরা পড়ল


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৬, ১০:০৬ অপরাহ্ন / ২
সাংবাদিক শাওন আহমেদের অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র ধরে নরসিংদীর আমেনার পর সিলেটের সামিরুন হত্যার আসামিও ধরা পড়ল

নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জে ১২ বছর বয়সী শিশু সামিরুন আক্তার হত্যা মামলার প্রধান সন্দেহভাজন মো. লিটন মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার (২০ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পিটুয়ারকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, এ হত্যাকাণ্ডের ঘটনায় দৈনিক বাংলাদেশ মিডিয়ার সাংবাদিক শাওন আহমেদ সাদের নেতৃত্বে পরিচালিত অনুসন্ধানী প্রতিবেদনেও লিটনের সম্পৃক্ততার বিষয়ে বিভিন্ন তথ্য-প্রমাণ ও স্থানীয়দের বক্তব্য তুলে ধরা হয়েছিল।

গত ২১ ও ২২ জুলাই ২০২৬ তারিখে ‘সত্যের সন্ধানে’ শিরোনামে প্রতিবেদন দুটি প্রিন্ট ও ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ ও প্রচারিত হয়।

পিবিআই হবিগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হায়াতুন-নবীর দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটি প্রথমে আজমিরীগঞ্জ থানা তদন্ত করছিল। পরবর্তী সময়ে পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় গত ৪ মে সংস্থাটি মামলার তদন্তভার গ্রহণ করে। তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয় পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথকে।

পুলিশের তথ্য অনুযায়ী, মামলার পর থেকে লিটন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। স্থানীয়ভাবে পাওয়া সাক্ষ্য-প্রমাণ ও অন্যান্য তথ্য পর্যালোচনার পাশাপাশি অনুসন্ধানী প্রতিবেদনেও তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য উঠে আসে। অবশেষে শুক্রবার ভোরে পিবিআইয়ের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার ও পিবিআইয়ের দেওয়া বিবরণ অনুযায়ী, নিহত সামিরুন আক্তার আজমিরীগঞ্জ উপজেলার ২ নম্বর বদলপুর ইউনিয়নের পূর্ব পিটুয়ারকান্দি গ্রামের মৃত নবী হোসেনের মেয়ে। গত ৩০ মার্চ বিকেলে পুরোনো বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায় সে। সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

পরদিন ১ এপ্রিল বিকেলে স্থানীয়দের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, কুশিয়ারা নদীতে হাত-পা বাঁধা অবস্থায় একটি শিশুর মরদেহ ভাসছে। পরে ঘটনাস্থলে গিয়ে সামিরুনের বড় বোন মরদেহটি শনাক্ত করেন। নিহতের পরনের গেঞ্জি দিয়ে হাত এবং পাজামা দিয়ে পা বাঁধা ছিল বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মামলা করেন। ২ এপ্রিল দায়ের করা মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সামিরুনকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে নিহতের পরিবার ও স্থানীয়দের সন্দেহ রয়েছে। তবে এ বিষয়ে তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার লিটনকে ঘিরে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্তও অব্যাহত আছে।

উল্লেখ্য, সামিরুন হত্যা মামলার তদন্তে শাওন আহমেদ সাদের অনুসন্ধানী প্রতিবেদনের বিষয়টি পিবিআইয়ের আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়েছে।

এর আগে নরসিংদীর মাধবদীতে আলোচিত কিশোরী আমেনা আক্তার হত্যা মামলার তদন্তেও শাওন আহমেদ সাদের অনুসন্ধানী সাংবাদিকতা আলোচনায় আসে। ওই ঘটনায় পরবর্তী সময়ে পুলিশ আমেনার সৎ বাবা আশরাফ আলীকে গ্রেপ্তার করে।