• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সার সংকট ও বাজারের অব্যবস্থাপনায় গুরুত্বারোপ মাসিক আইন শৃঙ্খলা সভায়


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৯:৫১ অপরাহ্ন / ১০
ফরিদপুরের চরভদ্রাসনে মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, সার সংকট ও বাজারের অব্যবস্থাপনায় গুরুত্বারোপ মাসিক আইন শৃঙ্খলা সভায়

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৮ নভেম্বর ) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল্লাহ হিল গালিব। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, ৪ নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য সভায় অংশ নেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া বাজারে নিয়মিত অভিযান পরিচালনা, ফুটপাত দখলমুক্ত করা, গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রি প্রতিরোধ, কৃষি উপকরণ বিশেষ করে সারের সংকট নিরসন এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসন, সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি সহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

সভায় ৪নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বাইরে থেকে দেখে মনে হচ্ছে মাদকের বিস্তার কিছুটা কমেছে। কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে মাদক ব্যবসায়ীরা আগের মতোই সক্রিয় রয়েছে এবং ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। মাদকের বিস্তার ও পরিস্থিতিতে দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি।

এদিকে সভায় উপস্থিত সাংবাদিকরা চরভদ্রাসনের বর্তমান সময়ের অন্যতম বড় সমস্যা হিসেবে সার সংকটের বিষয়টি তুলে ধরেন। তাঁরা সারের কালোবাজারি ও সরবরাহ ব্যবস্থার অনিয়ম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি বাজারের যানজট নিরসন, অবৈধ দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্টরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধ দমন এবং জনদুর্ভোগ নিরসনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।