• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ন / ৯
খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত

ব্যুরো প্রধান, খুলনাঃ খুলনার আড়ংঘাটা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে সোলায়মান শেখ (৫৫) ও মো. খালেক (৬৫) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোলায়মান শেখ পেশায় ঘের ব্যবসায়ী এবং মো. খালেক ভ্যানচালক। রাতে দুজন একটি ভ্যানে করে নিজ বাসার সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সোলায়মান শেখের ডান পায়ের গোড়ালিতে এবং মো. খালেকের বাম হাতে গুলি লাগে। এ ছাড়া তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সোলায়মান শেখের গলা থেকেও রক্তক্ষরণের খবর পাওয়া গেছে।

আহতদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন এবং দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে কী কারণে এবং কারা এ হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্তের বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।