

বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ রিকশা চালকের সন্তান থেকে সরাসরি রাজউকের ঝাড়ুদার, আর সেখান থেকে শতকোটি টাকার মালিক! গল্পের আলাদিনের আশ্চর্য প্রদীপকেও হার মানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মচারী মো. ইসমাইল হোসেন মিয়া।
এক সময়ের ঝাড়ুদার ও পরবর্তীতে পদোন্নতি পাওয়া এ অফিস সহায়ক ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতিকে পুঁজি করে গড়ে তুলেছেন বিপুল সম্পদের পাহাড়। বহাল তবিয়তে থাকা এই ইসমাইল যেন রাজউকের এক স্বঘোষিত নিয়ন্ত্রক।
সরেজমিন অনুসন্ধানে জানা যায়, ২০০৮ সালে মাস্টার রোলে ঝাড়ুদার হিসেবে রাজউকে যোগ দেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন নয়াদিল গ্রামের রিকশাচালক মোঃ হারেছ মিয়ার ছেলে ইসমাইল। পরবর্তীতে অদৃশ্য এক ক্ষমতার জোরে ও অবৈধ অর্থের বিনিময়ে বাগিয়ে নেন অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের পদ।
রাজউকে যোগদানের পর গত ১৭-১৮ বছরে ঘুষ-দুর্নীতির রাজত্ব কায়েম করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়ে যান তিনি।
রাজধানী ও গ্রামে সম্পদের পাহাড়ঃ ইসমাইলের সম্পদের ঝুলিতে কী নেই! ঢাকার অভিজাত এলাকা বনানী, রামপুরা, ভূঁইয়াপাড়া, নন্দীপাড়াসহ বিভিন্ন এলাকায় রয়েছে ৭ থেকে ৮টি বিলাসবহুল ফ্ল্যাট। বর্তমানে তিনি বনশ্রীর বি-ব্লকের ৪ নম্বর রোডের ১২ নম্বর ‘কপোতাক্ষ ভবনে’র পঞ্চম তলায় স্বপরিবারে বসবাস করছেন। এছাড়াও রাজধানীর মৌচাক মার্কেটে রয়েছে ২টি দোকান এবং পর্যটন নগরী কক্সবাজারের একটি অভিজাত হোটেলে রয়েছে তার শেয়ার। এছাড়া পূর্বাচলসহ বিভিন্ন স্থানে নিজ ও নামে-বেনামে রয়েছে অঢেল জমি।
শুধু রাজধানীতেই নয়, গ্রামের বাড়ি আখাউড়ার নয়াদিল গ্রামেও গড়ে তুলেছেন অট্টালিকা। প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন ৫ তলা ফাউন্ডেশনের প্রাসাদোসম বাড়ি। এছাড়া কোটি টাকা মূল্যের দীঘি ক্রয় এবং প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে একটি অটোরিকশার শোরুম দিয়েছেন।
সেই সাথে তিনি চলেন ব্যক্তিগত দামী প্রাইভেটকার ও হাঁকান একাধিক মোটর সাইকেল।
অর্থের দাপটে বেপরোয়া ও দুদক থেকে পারঃ রাজউকের যে কোনো অবৈধ নথি কিংবা নকশা টাকার বিনিময়ে মুহূর্তেই বৈধ করে দেওয়ার কারিগর এই ইসমাইল। বেপরোয়া চলাফেরা ও ঔদ্ধত্যের কারণে রাজউকের সহকর্মী ও কর্মকর্তাদের কাছে তিনি এক মূর্তিমান আতঙ্কের নাম।
নিজেকে রাজউকের হর্তা-কর্তা মনে করা ইসমাইলের বিরুদ্ধে ২০২১ সালের মার্চে এবং ২০২২ সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) একের পর এক লিখিত অভিযোগ জমা পড়ে।
তার বিরুদ্ধে বিভিন্ন গনমাধ্যমে তাঁর দুর্নীতির বিবরণ প্রকাশিত হলে কৌশলে কাল্পনিক প্রতিবাদ লিপি পাঠিয়ে সুকৌশলে বিষয় গুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তিনি।
অভিযোগের পাহাড় এবং গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পরও কোনো এক অজানা অদৃশ্য শক্তি বলে ইসমাইল থেকে যান ধরা ছোয়ার বাইরে। কাজের কাজ কিছুই হয়নি, উল্টো দুদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরবতার সুযোগে তাঁর ক্ষমতার দাপট আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে।
দানবীর মুখোশের আড়ালে প্রতারণাঃ এলাকাবাসী তাকে রাজউকের অনেক বড় কর্মকর্তা মনে করলেও তাঁর আসল পরিচয় পেয়ে অনেকেই হতবাক। এলাকায় মসজিদ-মাদ্রাসায় কোটি টাকার অনুদান দিয়ে এবং অসচ্ছলদের সাহায্য করে দানবীরের মুখোশ পরে থাকতেন ইসমাইল। যাতে তাঁর অবৈধ অর্থের পেছনের কালো হাতটি আড়ালেই থেকে যায়।
বিগত সরকারের আমলে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতির মহোৎসব চলেছে, তার এক জলন্ত উদাহরণ রাজউকের এই বিতর্কিত কর্মচারী। একজন সাধারণ অফিস সহায়ক হয়ে কী ভাবে প্রশাসনিক চোখ ফাঁকি দিয়ে এভাবে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুললেন তা নিয়ে ক্ষুব্ধ সচেতন মহল।
এ সকল বিষয়ে ইসমাইল হোসেন মিয়া সাথে কয়েকদফা যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি কোন উত্তর দেননি।
সাধারণ মানুষের একটাই দাবি, অবিলম্বে এই দুর্নীতিবাজ ইসমাইলের বিরুদ্ধে নিবিড় তদন্ত চালিয়ে তাঁর সকল অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক এবং তাঁকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
আপনার মতামত লিখুন :