

আজিজুল ইসলাম, যশোরঃ পলাতক ও ফেরারি আসামি, অপরাধী এবং দুষ্কৃতকারীদের অবৈধভাবে সীমান্ত পারাপার ও তাদের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতা রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে টহল বৃদ্ধি, গোয়েন্দা নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষ অভিযান পরিচালনাসহ বহুমুখী নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
রোববার (১৫ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরে বিজিবি কর্তৃপক্ষ। সভায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
বিজিবি জানায়, সীমান্তের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার জন্য অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দিন-রাত সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, ড্রোন, সিসি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন গগলস, বাইনোকুলারসহ আধুনিক প্রযুক্তিগত সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।
এ ছাড়া পলাতক ও ফেরারি আসামি এবং অপরাধীদের গতিবিধি শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অবৈধ অস্ত্রের প্রবেশ, অবৈধ সীমান্ত পারাপার এবং অপরাধী চক্রের তৎপরতা প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে।
সীমান্ত নিরাপত্তা জোরদারে পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তথ্য আদান-প্রদান করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং, মতবিনিময় সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে স্থানীয় বাসিন্দারা সন্দেহজনক ব্যক্তি ও অবৈধ পারাপারের বিষয়ে সতর্ক থাকতে পারেন।
সভায় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে আশ্রয় না দেওয়া, অবৈধ পারাপারে সহযোগিতা না করা এবং সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার জন্য জনসাধারণকে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।
বিজিবি আরও জানায়, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অবৈধ সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত দালাল চক্র, মানবপাচারকারী কিংবা অপরাধীদের যাতায়াতের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানানোর অনুরোধ করা হয়েছে।
এ সময় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে নির্ধারিত হটলাইন ০১৭৬৯৬০৪১১৫ নম্বরে যোগাযোগ করা যাবে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য প্রদানকারীদের বিশেষ পুরস্কার দেওয়া হবে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। রাতে নজরদারি আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে, যাতে দুর্গম ও অন্ধকার এলাকাতেও সন্দেহজনক গতিবিধি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।
বিজিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, কোনো পলাতক বা ফেরারি আসামি কিংবা অপরাধী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অবৈধ প্রবেশ ও বহির্গমন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
সীমান্ত সুরক্ষায় সাংবাদিক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বিজিবি কর্তৃপক্ষ জানায়, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং জনগণের জানমাল রক্ষায় পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও বিশেষ অভিযান চলমান থাকবে।
আপনার মতামত লিখুন :