• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত


প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন / ৪
গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থী নিহত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সারজিল সিকদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সারজিল সিকদার গোপালগঞ্জ সরকারি কলেজের ( সরকারি বঙ্গবন্ধু কলেজ) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকার বাসিন্দা শাহ আলম সিকদারের ছেলে। তাঁর মা নিরালা বেগম গোপালগঞ্জ পৌর মহিলা দলের সভানেত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে সারজিল মোটরসাইকেল চালিয়ে ঘোনাপাড়া থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে গোবরা মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সারজিল গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট যানবাহনের বিষয়ে তথ্য সংগ্রহ করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এদিকে সারজিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. কে.এম. বাবরসহ বিএনপির নেতৃবৃন্দরা হাসপাতালে গিয়ে নিহতের স্বজনদের সান্ত্বনা দেন।