• ঢাকা
  • মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আবু সোহেল জনির


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন / ১
দুর্গাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা আবু সোহেল জনির

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ ‘মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন’ গড়ার প্রত্যয়; দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান। গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সোহেল জনি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়নবাসীর পাশে থেকে তাঁদের দুর্দশা, ভোগান্তি ও বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

আবু সোহেল জনি গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাটিয়াগড় এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হাইয়ের ছেলে।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর তিনি তাঁর সমর্থকদের নিয়ে ইউনিয়নের বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তাঁর সমর্থকদের প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশনা দেন।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় আবু সোহেল জনি বলেন, “আমি মো. আবু সোহেল জনি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা থেকে শুরু করে ইউনিয়নের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয়, আমি তা-ই করব। দুর্গাপুর ইউনিয়নকে একটি মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য, ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত ডা. কে এম বাবরের হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়েও তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। একই সঙ্গে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে দুর্গাপুর ইউনিয়নের মানুষের আস্থা অর্জন করতে চান বিএনপির এই নেতা। তাঁর প্রত্যাশা, জনগণের সমর্থন পেলে ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেবেন এবং একটি নিরাপদ, মাদকমুক্ত ও উন্নত ইউনিয়ন গঠনে কাজ করবেন।