• ঢাকা
  • বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

রংপুরে দায়িত্বে থেকে ঢাকায় ফ্ল্যাট দখলের অভিযোগ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ডিডি আনোয়ারুল হকের বিরুদ্ধে 


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন / ৩৬
রংপুরে দায়িত্বে থেকে ঢাকায় ফ্ল্যাট দখলের অভিযোগ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ডিডি আনোয়ারুল হকের বিরুদ্ধে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর (ডিডি) আনোয়ারুল হকের বিরুদ্ধে ঢাকার মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি আবাসিক ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, রংপুরে দায়িত্ব পালনরত এই কর্মকর্তার সেখানে সরকারি কোয়ার্টারে থাকার কথা থাকলেও তিনি ঢাকায় মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ব্যবহার করছেন। ফলে দায়িত্বের কর্মস্থল রংপুর হলেও ঢাকায় সরকারি আবাসিক সুবিধা ভোগ করা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগকারীদের দাবি, মিরপুর ফায়ার সার্ভিস স্টেশনের আবাসিক ফ্ল্যাটটি সংশ্লিষ্ট স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্ধারিত। সেখানে দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য না থাকা সত্ত্বেও কোনো কর্মকর্তা দীর্ঘদিন অবস্থান করলে সরকারি আবাসন ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা বণ্টন নিয়ে প্রশ্ন তৈরি হয়।

তাদের আরও অভিযোগ, রংপুরে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তার ঢাকায় সরকারি আবাসিক ফ্ল্যাট দখল করে রাখার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে তদন্ত করা প্রয়োজন। ফ্ল্যাটটি কোন নিয়মে বরাদ্দ দেওয়া হয়েছে, বরাদ্দের অনুমোদন কে দিয়েছেন এবং বর্তমানে সেটি ব্যবহারের বৈধতা রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগকারীরা বলছেন, সরকারি আবাসিক সুবিধা ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন। একই সঙ্গে রংপুরে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তার ঢাকায় অবস্থান ও সরকারি কোয়ার্টার ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কেও কর্তৃপক্ষের ব্যাখ্যা প্রত্যাশা করছেন তারা।

এ বিষয়ে আনোয়ারুল হকের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগের সত্যতা যাচাই এবং ফ্ল্যাট বরাদ্দের সরকারি নথি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।