• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ন / ২৪
ফরিদপুরের চরভদ্রাসনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চরভদ্রাসন বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ এর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ সফর আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রমেশ দাস, সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত আজিজুর রহমান, এটিও মিজানুর রহমান, মাধ্যমিক একাডেমি সুপারভাইজার ইয়াহিয়া, তথ্য অফিসার মনিকা বসু, উপজেলা বিএনপির নেতা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, শিক্ষক আব্দুল কাদের, শিক্ষক এনামুল কবির, শিক্ষক শাহজাহান মোল্যা, উপজেলা যুবদল সভাপতি মোজাফফর হোসেন জাফর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির অন্যতম মাধ্যম। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সাক্ষরতা ও শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি। বিশেষ করে ঝরে পড়া শিক্ষার্থী ও নিরক্ষর জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করতে হবে।