

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার ৩নং গোপালপুর ইউনিয়ন পরিষদ যেন সাধারণ মানুষের ভোগান্তি এক অভয়ারণ্যে পরিণত হয়েছে।
ইউনিয় পরিষদের সচিব লিপিকা ঘরামির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার গুরুতর অভিযোগ তুলেছেন ওই ইউনিয়নের সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে ও এলাকাবাসী জানায়, ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে আসা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সচিবের নানা হয়রানির শিকার হচ্ছেন। জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, উত্তরাধিকার সনদ কিংবা ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবা পাওয়ার জন্য নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
এছাড়া ঠিকমত অফিসে না আসা ও নানা অজুহাতে দিনের পর দিন সেবা প্রার্থীদের ঘুরতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
সচিব স্থানীয় বাসিন্দা হওয়ায় পারিবারিক প্রভাবে নিয়মনীতি তোয়াক্কা করছে না বলে অভিযোগ চেয়ারম্যান’সহ এলাকাবাসীর।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইউনিয়ন পরিষদে সেবা নিতে গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয়। সচিবের দুর্নীতির কারণে সাধারণ মানুষ সরকারের সঠিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঢলী বলেন, আমাদের ইউনিয়ন পরিষদের সচিব লিপিকা ঘরামি স্থানীয় বাসিন্দা হওয়ায় পারিবারিক প্রভবা খাটিয়ে সাধারণ মানুষদের হয়রানি করছে। আমরা পরিষদ থেকে তার বিরুদ্ধে অনাস্থা ও অভিযোগ করেছি। জেলা প্রশাসক টেবিলে আছে এবং তিনি ব্যাবস্থা নিবেন।
ইউনিয়ন পরিষদের সচিব লিপিকা ঘরামির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সাধারণ মানুষ ও সচেতন মহলের দাবি, অবিলম্বে এই ইউনিয়ন পরিষদের অনিয়ম ও দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক এবং সাধারণ মানুষের হয়রানি বন্ধ করা হোক।
আপনার মতামত লিখুন :