• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

খুলনা সিটি করপোরেশনের বাজেট কমেছে ১১৭ কোটি টাকা


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:২৮ অপরাহ্ন / ৩২
খুলনা সিটি করপোরেশনের বাজেট কমেছে ১১৭ কোটি টাকা

এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ খুলনা সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার কমেছে ১১৭ কোটি ৭১ লাখ ২৯ হাজার টাকা। নতুন অর্থবছরের জন্য ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে সিটি করপোরেশন (কেসিসি)। গত ২০২৫-২৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ২০২৬-২৭ অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন। একই অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট হিসেবে ৩৩৮ কোটি ৯৭ লাখ ২১ হাজার টাকার হিসাবও উপস্থাপন করা হয়।

বাজেট অনুযায়ী, নতুন অর্থবছরে কেসিসির রাজস্ব আয় ধরা হয়েছে ২১১ কোটি ৯০ লাখ ৫ হাজার টাকা। বিপরীতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৪১ কোটি ৪৪ লাখ ১৭ হাজার টাকা। সরকারি বরাদ্দ হিসেবে রাখা হয়েছে ১৯৭ কোটি ৬২ লাখ টাকা।

কেসিসি জানিয়েছে, নগরীর প্রায় ৮০০ কোটি টাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়াসহ কয়েকটি বড় প্রকল্পের কাজ শেষ হওয়ায় এবার বাজেটের আকার কমেছে। পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনও বাজেটের আকার কমার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ না করে বকেয়া পৌরকর আদায়, নবনির্মিত স্থাপনার ওপর প্রচলিত নিয়মে কর আরোপ এবং মার্কেট ও দোকান নির্মাণের মাধ্যমে নিজস্ব রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

উন্নয়ন কর্মকাণ্ডে সড়ক, ড্রেনেজ, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনকে গুরুত্ব দেওয়া হয়েছে। মশক নিয়ন্ত্রণের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরবাসীর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের ওপরও জোর দেওয়া হয়েছে।

নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ৭৩ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে পূর্ত, অবকাঠামো, সড়কবাতি, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, সমাজকল্যাণ, পরিবেশ, জনস্বাস্থ্য, ভেটেরিনারি ও কনজারভেন্সি খাতে ৫৫ কোটি ২৬ লাখ ৫৬ হাজার টাকা এবং মেরামত ও রক্ষণাবেক্ষণে ১৮ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

এ ছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), থোক ও বিশেষ বরাদ্দ মিলিয়ে উন্নয়ন বাজেটে ১৫০ কোটি টাকা রাখা হয়েছে। জাতীয় এডিপির আওতায় ২০২৬-২৭ অর্থবছরে তিনটি প্রকল্পে ৪৭ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বাজেট ঘোষণা করে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনাকে পরিচ্ছন্ন, সবুজ, শান্তি ও স্বস্তির নগরী হিসেবে গড়ে তোলাই কেসিসির লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে নিজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি সরকার ও বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতা প্রয়োজন।
বাজেট বাস্তবায়নে নগরীর সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।