

কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ “কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোপালগঞ্জের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান এবং পার্টনার-ডিএই, ফরিদপুরের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান। স্বাগত বক্তব্য প্রদান করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মোঃ মিজানুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিশেষ অতিথির বক্তব্যে ড. মোঃ মামুনুর রহমান বলেন, পেঁয়াজ ও অন্যান্য কৃষিপণ্যের মতো সবজি সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণ কেন্দ্র স্থাপন সময়ের দাবি। তিনি এ বিষয়ে গোপালগঞ্জের সংসদ সদস্যদের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা বলেন, আমরা যদি মানুষের কাছে প্রমাণ করতে পারি যে আমাদের কৃষিপণ্য ভালো ও খাঁটি, তাহলে বিদেশে রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেওয়া সম্ভব হবে। তিনি কৃষকদের কল্যাণ ও দেশের কৃষি উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :