

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ সুন্দরবন সংলগ্ন এলাকায় প্লাস্টিক ও পলিথিন দূষণ আশঙ্কাজনক হারে বাড়ছে, যা ম্যানগ্রোভ বন ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। এ সংকট মোকাবিলায় সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান প্রণয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কয়রা উপজেলার শাকবাড়িয়া নদীর তীরবর্তী কাটকাটা এলাকায় ‘ইয়ুথ ফর দ্য সুন্দরবন’ কয়রা শাখার উদ্যোগে আয়োজিত এক অভিজ্ঞতা বিনিময় সভায় এ দাবি ওঠে। এতে সহযোগিতা করে উন্নয়ন সংস্থা রূপান্তরের ইকো প্রকল্প।
অবসরপ্রাপ্ত অধ্যাপক আ.ব.ম. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তরের প্রতিনিধি অনুপ রায়। তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য ম্যানগ্রোভের শ্বাসমূল ক্ষতিগ্রস্ত করছে, জলজ প্রাণীর মৃত্যু ঘটাচ্ছে এবং মাইক্রোপ্লাস্টিক মানবদেহে প্রবেশ করে স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
বক্তারা বলেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দূষণ বাড়ছে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করছে।
ইয়ুথ ফর দ্য সুন্দরবন-এর সভাপতি নিরপদ মুন্ডা বলেন, স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা ও সচেতনতায় কাজ করছেন, তবে স্থায়ী সমাধানে প্রয়োজন সরকারি উদ্যোগ।
কয়রা উপজেলা পানি কমিটির সভাপতি এইচ এম শাহাবুদ্দিন আহমেদ পলিথিনের উৎপাদন ও বিপণন বন্ধের ওপর জোর দেন। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন বলেন, বর্জ্য সংগ্রহ, রিসাইক্লিং ও বৈজ্ঞানিক ডাম্পিং নিশ্চিত করে সাতটি ইউনিয়নে পাইলট প্রকল্প চালু করা জরুরি।
আপনার মতামত লিখুন :