

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুরে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কাজলী গ্রামের সুরুজ ইসলামের ছেলে আপন আলী (২১) ও সুরত আলী জোয়ার্দারের ছেলে সোহান জোয়ার্দার (২৬) এবং বারুইপাড়া গ্রামের মৃত ছামাদ খন্দকারের ছেলে মতিয়ার খন্দকার (৬৫) ও মৃত মানিক খার ছেলে নয়ন খা (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই চারজনের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :