• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

মাগুরায় নকল গোখাদ্য তৈরির কারখানায় অভিযান : মেসার্স অরিন রাইচ মিলকে ৫০ হাজার টাকা জরিমানা


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন / ১৯
মাগুরায় নকল গোখাদ্য তৈরির কারখানায় অভিযান : মেসার্স অরিন রাইচ মিলকে ৫০ হাজার টাকা জরিমানা

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর বাজারে নিম্নমানের গোখাদ্য ও ভূষি জালিয়াতির অভিযোগে মেসার্স অরিন রাইচ মিল নামক একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১৫ এপ্রিল বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিভিন্ন স্থান থেকে নিম্নমানের গোখাদ্য ও ভূষি সংগ্রহ করে তাদের নিজস্ব গোডাউনে প্যাকেটজাত করছিল। অবাক করার বিষয় হলো, এসব বস্তায় গাজীপুরের গোল্ডেন ফুড প্রোডাক্টস-এর নাম এবং বিএসটিআই-এর লোগো অবৈধভাবে ব্যবহার করা হচ্ছিল, যা সরাসরি ভোক্তাদের সাথে প্রতারণা।

এছাড়া তদারকিকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি পণ্যের মোড়কীকরণ আইন অমান্য করছে এবং মেয়াদোত্তীর্ণ ও ড্যামেজ পণ্য ভালো পণ্যের সাথে মিশিয়ে বাজারে সরবরাহ করছে। এসব গুরুতর অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব দীপ্ত সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, নকল ও নিম্নমানের পণ্য বাজারজাত করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছিল। জনস্বার্থে এ ধরণের অভিযান আমাদের অব্যাহত থাকবে।

অভিযান চলাকালীন সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা মার্কেটিং অফিসার মো: আলমগীর হোসেন এবং মাগুরা জেলা পুলিশের একটি চৌকস টিম। অভিযান শেষে ভবিষ্যতে এ ধরণের বেআইনি কাজ না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।