• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

খুলনায় ডিপোতে অকটেন চুরি : হাতেনাতে আটক ৫, জরিমানা


প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ন / ৬৬
খুলনায় ডিপোতে অকটেন চুরি : হাতেনাতে আটক ৫, জরিমানা

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন পদ্মা ডিপো এলাকায় ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ট্যাংক লরি (খুলনা মেট্রো-ঢ, ৪১-০০৭১) থেকে প্রায় ১০ লিটার অকটেনসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-মাগুরার ট্যাংকলরি চালক ইমরান এবং তার সহযোগী হেল্পার সম্রাট, মিন্টি, রানা ও বিল্লাল।

প্রশাসনের সূত্র জানায়, তারা ড্রামে করে অবৈধভাবে অকটেন চুরি করছিলেন। এ সময় এনএসআইয়ের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন।

পরে খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খাতুন ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে জরিমানা করা হয়, মোট ১০ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া ওই সময় জব্দ করা অকটেন প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি তেল চুরি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।