

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়া শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচকে ঘিরে শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় হবিরবাড়ীতে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে হবিরবাড়ী স্পোর্টস একাডেমির আয়োজনে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত এই কোয়ার্টার ফাইনাল।
এদিনের ম্যাচে মুখোমুখি হয় দেওয়ানগঞ্জ ফুটবল একাডেমি ও বেস্টফ্রেন্ড কনফিডেন্স ফুটবল টিম-শ্রীপুর। খেলা শুরুর আগ থেকেই দুই দলের সমর্থকদের উপস্থিতিতে মাঠে ছিল টানটান উত্তেজনা।
খেলার শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পাল্টা আক্রমণ, দ্রুতগতির পাস আর নিখুঁত ফিনিশিংয়ে ম্যাচটি হয়ে ওঠে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও রোমাঞ্চকর। নির্ধারিত সময়ে দুই দলের কেউই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে উত্তেজনা আরও বেড়ে যায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে দেওয়ানগঞ্জ ফুটবল একাডেমিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বেস্টফ্রেন্ড কনফিডেন্স ফুটবল টিম-শ্রীপুর।
দুই দলের খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য, দলগত বোঝাপড়া ও লড়াকু মানসিকতা মাঠে উপস্থিত শত শত দর্শককে দারুণভাবে বিমোহিত করে। মাঠের চারপাশে দর্শকদের করতালি আর উল্লাসে পুরো এলাকায় যেন ফুটবল উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
হবিরবাড়ী স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম খান বাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ১০নং হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ বিন মনির (সোহাগ)।
খেলাটি উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদল নেতা মোঃ হুমায়ুন কবির। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদল নেতা মোঃ স্বপন খান কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন হবিরবাড়ী স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা আ স ম আব্দুর রউফ রুদ্র, ভাইস চেয়ারম্যান মাসুদ রানা সহ একাডেমির কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
আয়োজকরা জানান, শহীদ আরাফাত রহমান কোকোর স্মৃতিকে ধরে রাখতে এবং এলাকার তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ম্যাচগুলোতেও দর্শকদের এমন জমজমাট লড়াই উপভোগ করার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :