• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার গ্রেফতার : অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার


প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন / ৮৭
শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার গ্রেফতার : অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

মোঃ রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনা মহানগরীতে বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী ইমন হাওলাদার ওরফে গজাল ইমন (২৩) কে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল এবং মহানগর গোয়েন্দা পুলিশের যৌথ সহায়তায় ৪ এপ্রিল দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়েরমহল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মহেশ্বরপাশা বুচিতলা এলাকার বাসিন্দা ইমন হাওলাদারকে আটক করা হয়।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরবর্তীতে মহেশ্বরপাশা কার্তিককূল উত্তর ঘোষপাড়া এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখানে রাত আনুমানিক সাড়ে ৪ টার দিকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—২টি ওয়ান শুটার গান, ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড পিস্তলের কার্তুজ, ৪ রাউন্ড ওয়ান শুটার গানের কার্তুজ।

পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে ইমন হাওলাদারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতা ও চুরিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৭টি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।