• ঢাকা
  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেফতার


প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন / ৩
মুন্সীগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রকি শেখ গ্রেফতার

রু‌বেল মাদবর, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রকি শেখকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার বেতকা ইউনিয়নের মামুদাতপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রকি শেখ আব্দুল লতিফ শেখের ছেলে। তিনি মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা সিআর মামলা নম্বর ৩০৬/২৬-এর আসামি রকি শেখ। দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬, ৫০৬(২) ও ৩৪ ধারায় দায়ের করা ওই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরোয়ানার ভিত্তিতে টঙ্গিবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, ঢাকার শাহবাগ থানায় দায়ের করা একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রকি শেখকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।