• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

মাগুরায় অবৈধভাবে ৩২৮ বস্তা সার মজুদ: শ্রীপুরে অভিযান : মামলা দায়ের


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৬, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন / ১৮
মাগুরায় অবৈধভাবে ৩২৮ বস্তা সার মজুদ: শ্রীপুরে অভিযান : মামলা দায়ের

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের আমলসার বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা অবৈধভাবে মজুদকৃত সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।

​শনিবার রাত ১১টায় পরিচালিত এ যৌথ অভিযানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম উপস্থিত থেকে অভিযান পরিচালনা করেন।

​অভিযান সূত্রে জানা যায়, আমলসার বাজারের তিনটি গোডাউনে অবৈধভাবে সার মজুদ রাখার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। জব্দকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৬১ বস্তা এমওপি (MOP) এবং ২৬৭ বস্তা ডিএপি (DAP) সার। অভিযুক্তরা হলেন ওই এলাকার বদীয়ার রহমানের ছেলে শহিদ জোয়ার্দার এবং মৃত তোফায়েল জোয়ার্দারের ছেলে নবাব জোয়ার্দার।

​অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া, পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান, উপসহকারী কৃষি অফিসার সুমন কুমার বিশ্বাস ও সেলিনা ইয়াসমিন।

​অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে উপসহকারী কৃষি অফিসার (ব্লক সুপারভাইজার) সেলিনা ইয়াসমিন বাদী হয়ে অভিযুক্ত শহীদ জোয়ার্দার ও নবাব জোয়ার্দারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া জানান, অবৈধ সার মজুদের অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। জব্দকৃত ৩২৮ বস্তা সার বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।