• ঢাকা
  • সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

জেলগেট থেকে সাবেক এমপির ভাই হিশাম ফের আটক


প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন /
জেলগেট থেকে সাবেক এমপির ভাই হিশাম ফের আটক

নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে কারাফটক পেরোতেই আবারও পুলিশের হাতে আটক হয়েছেন মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান হিশাম।

রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৫টার দিকে মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করে পুলিশ। আশরাফুজ্জামান হিশাম মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত আসাদুজ্জামানের কনিষ্ঠ ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা ও মাগুরাসহ বিভিন্ন স্থানে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। সম্প্রতি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে জামিন লাভের পর রোববার বিকেলে তিনি কারামুক্ত হন। তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেটে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে পুনরায় আটক করে থানায় নিয়ে যায়।

আটকের বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আশরাফুজ্জামান হিশামের বিরুদ্ধে একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গা শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে আশরাফুজ্জামান হিশামকে প্রথম গ্রেপ্তার করেছিল চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। পরে তাকে মাগুরা জেলা কারাগারে স্থানান্তর করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তার বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।