• ঢাকা
  • সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সোনাডাঙ্গায় ব্যবসায়ীকে গুলি, খুলনা মেডিকেলে চিকিৎসাধীন


প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৮:৫০ অপরাহ্ন / ৬১
সোনাডাঙ্গায় ব্যবসায়ীকে গুলি, খুলনা মেডিকেলে চিকিৎসাধীন

খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলী নুর ডাবলু (৪৮) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। রোববার (১৭ মে) বিকেলে এ ঘটনা ঘটে।

আহত আলী নুর ডাবলু পশ্চিম বানিয়াখামার এলাকার বাসিন্দা। তিনি এতিম আলীর ছেলে এবং পেশায় একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার শরীরের তিনটি স্থানে গুলিবিদ্ধ হন। গুলি তার বাম কাঁধ, বাম হাতের কব্জি এবং বাম হাতের কনুইয়ের উপরের অংশে লাগে।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে কিংবা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছেন।