• ঢাকা
  • রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্কিত খুলনাবাসী


প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন / ২
সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্কিত খুলনাবাসী

বিশেষ প্রতিবেদক, খুলনাঃ এক সময় শান্তির নগরী হিসেবে পরিচিত ছিল খুলনা। কিন্তু সময়ের ব্যবধানে সেই পরিচিতি যেন হারিয়ে যেতে বসেছে। একের পর এক হত্যাকাণ্ড, প্রকাশ্যে গুলিবর্ষণ চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও দখলবাজির ঘটনায় ক্রমেই অশান্ত হয়ে উঠছে খুলনা মহানগর ও জেলা।

অপরাধীদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী-কেউই যেন নিরাপদ নন। প্রতিদিনই বাড়ছে আতঙ্ক, উৎকন্ঠা কমছে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা।

গত ১১ মাসে খুলনা মহানগর ও জেলায় ৮০টির বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব হত্যাকাণ্ডের পাশাপাশি অস্ত্রের ব্যবহার, প্রকাশ্যে গুলি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার এবং একের পর এক সন্ত্রাসী গ্রেফতারের পরও থামছে না অপরাধের ধারাবাহিকতা। ফলে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যকারিতা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

সর্বশেষ শুক্রবার শহরের লবণচরা থানাধীন হঠাৎ বাজার এলাকায় চাঁদা না পেয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

জানা গেছে, কয়েক দিন ধরে একটি তুষ কাঠের মিলে চাঁদা দাবি করে আসছিল স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনী। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মিলটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই একই এলাকায় একটি চানাচুর ফ্যাক্টরিতেও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এ বিষয়ে খুলনা সিটি কর্পরেশনের প্রশাসক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা শহর এখন আতঙ্কের শহরে পরিণত হয়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থানে গুলি, চাঁদাবাজি ও দখলবাজির ঘটনা ঘটছে।

এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মাথায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে বদলি করা হয়েছে। নতুন পুলিশ কমিশনার ও পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর অপরাধ নিয়ন্ত্রণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে শহরবাসী।

খুলনাবাসীর প্রত্যাশা, নতুন পুলিশ কমিশনার ও পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের পর অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান ও কঠোর পদক্ষেপ নেবেন।
রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তি বিবেচনায় না নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।