• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শার্শার বাগআঁচড়ায় নানার সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ


প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন / ২
শার্শার বাগআঁচড়ায় নানার সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আজিজুল ইসলাম, শার্শা, যশোরঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়ায় নানার রেখে যাওয়া সম্পত্তির ভাগ-বণ্টন ও দখল নিয়ে এক পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।

এ ঘটনায় শার্শা থানায় দুই পক্ষ পৃথক অভিযোগ করেছে। বিরোধের জেরে এক পক্ষের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলা হলেও অপর পক্ষের দাবি, সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করেই তাদের বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শার্শার বাগআঁচড়া ঘোষপাড়ার মৃত দীন মুহাম্মদের রেখে যাওয়া বসতভিটার সম্পত্তির পরিমাণ প্রায় ২৪ শতক। তাঁর চার মেয়ে ও এক ছেলে রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তির ভাগ-বণ্টন ও ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

অভিযোগকারী কাজল রেখার মা সাজেদা পারভিনের দাবি, বাবার বাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাঁরা নানা ধরনের হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন। তাঁর মেয়ে কাজল রেখার পক্ষ থেকে সাজেদা পারভিনের বোন নাসিমা খাতুনের ছেলে আজমল হোসেন ইমনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে তাঁরা সংবাদ সম্মেলনও করেছেন।

অন্যদিকে, আজমল হোসেন ইমনের অভিযোগ, সম্পত্তির নিয়মতান্ত্রিক ভাগ-বণ্টন ছাড়াই তাঁর খালা সাজেদা পারভিন ও খালাতো বোন কাজল রেখা জমিতে ঘর ও প্রাচীর নির্মাণের উদ্যোগ নেন। এতে আপত্তি জানালে বিরোধের সৃষ্টি হয়। তাঁর দাবি, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরেই গত ১ নভেম্বর যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ তোলা হয়েছে।

এ বিষয়ে স্থানীয়ভাবে কয়েক দফা মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি বলে জানা গেছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ঘটনাটি নিয়ে থানায় দুটি পৃথক অভিযোগ জমা পড়েছিল। জমিজমা সংক্রান্ত বিরোধ হওয়ায় উভয় পক্ষকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধর্ষণচেষ্টার অভিযোগের বিষয়ে তিনি জানান, এর সত্যতা পাওয়া যায়নি।

স্থানীয়দের মতে, পারিবারিক উত্তরাধিকার সম্পত্তির বিরোধ আইনানুগভাবে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। অন্যথায় এমন বিরোধ আরও জটিল আকার ধারণ করতে পারে।