

আজিজুল ইসলামঃ যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।
আগামী ২৪ নভেম্বরের মধ্যে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা বিএনপির কাছে আবেদন করার কথা রয়েছে। এ নির্দেশনাকে ঘিরে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে শুরু হয়েছে তৎপরতা।
এরই ধারাবাহিকতায় শার্শা উপজেলার ৬ নম্বর গোগা ইউনিয়নে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন চার নেতা। তারা হলেন— গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, সহসভাপতি মো. সরোয়ার হোসেন এবং বিএনপির সাধারণ সদস্য তরুণ নেতা মোহাম্মদ সুমন।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মামলা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন এই নেতাদের কয়েকজন। তাদের মধ্যে মোহাম্মদ আলী, আব্দুল হামিদ ও সরোয়ার হোসেনের বিরুদ্ধে একাধিক মামলা ছিল বলে জানা গেছে। আব্দুল হামিদ পাঁচটি এবং সরোয়ার হোসেনের বিরুদ্ধে সাতটি মামলা হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে তরুণ নেতা মোহাম্মদ সুমনের বিরুদ্ধেও দুটি নাশকতার মামলা হয়েছিল বলে জানা গেছে।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপির নেতাকর্মীদের পাশে থাকার ক্ষেত্রে ভূমিকা ছিল মোহাম্মদ আলী, আব্দুল হামিদ ও সরোয়ার হোসেনের।
এদিকে গোগা ইউনিয়নের চেয়ারম্যান পদে কে পাচ্ছেন বিএনপির দলীয় মনোনয়ন, তা নিয়ে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনৈতিক ত্যাগ, জনপ্রিয়তা এবং তৃণমূলের সমর্থন— সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত কার ভাগ্যে জুটবে দলীয় প্রতীক, সেটিই এখন বড় প্রশ্ন।
চার মনোনয়নপ্রত্যাশীর মধ্যে কে হবেন বিএনপির চূড়ান্ত প্রার্থী? তৃণমূলের পছন্দই কি প্রাধান্য পাবে, নাকি দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে নির্ধারিত হবে প্রার্থীর নাম? সব প্রশ্নের উত্তর পেতে এখন অপেক্ষা দলীয় সিদ্ধান্তের।
আপনার মতামত লিখুন :