

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজধানীর পূর্ব গোড়ানের ৩৪৩ নম্বর ভবন নিয়ে নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগ ওঠার পর নতুন করে আলোচনায় এসেছেন ভবনটির মালিক মো. শফিকুল ইসলাম।
অভিযোগের জবাব দেওয়ার পাশাপাশি সামনে এসেছে তাঁর সাংবাদিক পরিচয়ও। তিনি নিজেকে জাতীয় দৈনিক বিকাল বার্তার স্টাফ রিপোর্টার এবং চ্যানেল ২৬-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে পরিচয় দিচ্ছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাতীয় দৈনিক বিকাল বার্তার তাঁর প্রেস কার্ডের নম্বর ১৭১ এবং ইস্যু তারিখ ৯ নভেম্বর ২০২৬। অন্যদিকে চ্যানেল ২৬-এর কার্ড নম্বর ০৮৫ হলেও সেটির ইস্যু তারিখের তথ্য পাওয়া যায়নি। আরও জানা গেছে, গত ১৮ নভেম্বর তাঁর নামে একটি কলামও প্রকাশিত হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে ৩৪৩ পূর্ব গোড়ানের ভবনটির মালিক হিসেবে যাঁর বিরুদ্ধে নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগ উঠেছে, তিনি একই সময়ে সাংবাদিক হিসেবেও সক্রিয়।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ৩৪৩ পূর্ব গোড়ানের ভবনটির নির্মাণকাজ দ্বিতীয় তলায় পৌঁছানোর সময়ই নকশা বহির্ভূত নির্মাণের অভিযোগ রাজউকের সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হয়। কিন্তু অভিযোগকারীদের দাবি, এরপরও নির্মাণকাজ থামেনি। বরং ধাপে ধাপে ভবনটি চারতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে।
ভবনটির বিরুদ্ধে অভিযোগের অন্যতম বিষয় হলো অনুমোদিত নকশার সঙ্গে বাস্তব নির্মাণের অসামঞ্জস্য।
অভিযোগ রয়েছে, ভবনের নির্ধারিত জায়গা ছাড়ার বিধান বা সেটব্যাক যথাযথভাবে অনুসরণ করা হয়নি। ভবনের ক্যান্টিলিভার সম্প্রসারণ নিয়েও প্রশ্ন রয়েছে।
ভবন নির্মাণ নিয়ে অভিযোগ ওঠার পর শফিকুল ইসলামের সাংবাদিক পরিচয় সামনে আসায় বিষয়টি নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে।
জাতীয় দৈনিক বিকাল বার্তার কার্ডে তাঁকে স্টাফ রিপোর্টার হিসেবে উল্লেখ করা হয়েছে। কার্ড নম্বর ১৭১ এবং ইস্যু তারিখ ৯ নভেম্বর ২০২৬।
অন্যদিকে চ্যানেল ২৬-এর কার্ডে তাঁকে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে উল্লেখ করা হয়েছে। কার্ড নম্বর ০৮৫। তবে কার্ডটির ইস্যু তারিখের কোন তথ্য পাওয়া যায়নি।
এছাড়া জাতীয় দৈনিক বিকাল বার্তায় ১৮ নভেম্বর তাঁর নামে একটি কলাম প্রকাশিত হওয়ার তথ্যও পাওয়া গেছে।
ভবনটি রাজউকের জোন-৬ এলাকার আওতাধীন। সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ইমারত পরিদর্শক মো. ইয়াসিন মিয়া এবং অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুনের নাম সামনে এসেছে।
এ ব্যাপারে অথরাইজড অফিসার আব্দুল্লাহ আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাজউক সূত্রের তথ্য অনুসারে নির্মাণ কাজ বন্ধে ভবন মালিককে ১ম নোটিশ, কারণ দর্শানোর নোটিশ ও ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন করার নোটিশ প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট ইউটিলিটি প্রভাইডর স্ব স্ব ইউটিলিটি সংযোগ বিচ্ছিন্ন না করায় ইমারত নির্মাণ আইন অনুসারে উচ্ছেদ প্রস্তাব অনুমোদনের অপেক্ষমান আছে। কর্তৃপক্ষ কর্তৃক উচ্ছেদ প্রস্তাব অনুমোদিত হলে সংশ্লিষ্ট ভবনের ব্যত্যয়কৃত অংশ অপসারণে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :