

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যের একটি স্বর্ণের বারসহ জালাল উদ্দিন শেখ (৫৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।
৪৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের আফিল জুট মিলের সামনের পাকা রাস্তায় একটি চৌকস আভিযানিক দল অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১১৬.৬৫ গ্রাম ওজনের ১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় স্বর্ণ পাচারের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন এবং নগদ ৩,২৪০ টাকাও জব্দ করা হয়।
আটককৃত মো. জালাল উদ্দিন শেখ পিরোজপুর জেলার জিয়া নগর থানার চর বারইখালী গ্রামের মৃত কাসেম আলী শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, স্বর্ণের বারটি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
জব্দকৃত ১টি স্বর্ণের বারের মূল্য ২৪,৪২,০৬৭ টাকা, মোবাইল ফোনের মূল্য ২০,০০০ টাকা এবং নগদ ৩,২৪০ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ২৪,৬৫,৩০৭ (চব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত সাত) টাকা।
আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরপূর্বক তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আমাদের টহলদল এই সফল অভিযান পরিচালনা করে। সীমান্ত এলাকায় সোনা পাচারসহ যেকোনো অপরাধ দমনে বিজিবির এমন কঠোর অভিযান সবসময় অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :