

এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসনে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে আধা গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার গাজীরটেক ইউনিয়নের বেপারী ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে চরভদ্রাসন থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে একজনকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সফর আলী ও এসআই মুজাহিদ সহ পুলিশের একটি দল শুক্রবার সকাল থেকে চরহাজীগঞ্জ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানের একপর্যায়ে সকাল ৭টার দিকে বেপারী ডাঙ্গী এলাকায় আব্দুর রউফ মেম্বারের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে এলাহি খান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে আধা গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ছয় হাজার টাকা।
এ ঘটনায় এলাহি খানকে আসামি করে চরভদ্রাসন থানায় মামলা নং-০৩, তারিখ ৬ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। তিনি ফরিদপুর কোতোয়ালি থানাধীন বিল মাহামুদপুর এলাকার মৃত মজিবর খানের ছেলে। মামলার অভিযোগে বলা হয়েছে, বিক্রির উদ্দেশ্যে তিনি অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিজের দখলে রেখেছিলেন।
অন্যদিকে, একই দিন সকাল আনুমানিক ৯ টা ২০ মিনিটে বেপারী ডাঙ্গী এলাকায় গিয়াস বেপারীর বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন এক গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য তিন হাজার টাকা।
এ ঘটনায় গিয়াস বেপারী (৪২) ও মানিক বেপারী (২৭) নামে দুজনের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা নং-০৪, তারিখ ৬ নভেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজেদের দখলে রাখা এবং এ কাজে সহায়তার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্ত মানিক বেপারীকে আটক করা সম্ভব হয়নি। তিনি পলাতক রয়েছেন।
বেপারী ডাঙ্গী এলাকার মৃত মুনছুর বেপারীর ছেলে গিয়াস বেপারী। অপর অভিযুক্ত মানিক বেপারী একই এলাকার জামাল বেপারীর ছেলে।
চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সফর আলী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয় জনগণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :