• ঢাকা
  • মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ডুমুরিয়ার মির্জাপুর ওয়াপদায় মোটরসাইকেল আরোহীর ওপর দুর্বৃত্তদের হামলা, মাথায় গুরুতর জখম করে মোটরসাইকেল ছিনতাই


প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন / ২
ডুমুরিয়ার মির্জাপুর ওয়াপদায় মোটরসাইকেল আরোহীর ওপর দুর্বৃত্তদের হামলা, মাথায় গুরুতর জখম করে মোটরসাইকেল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া, খুলনাঃ খুলনার ডুমুরিয়ায় এক মোটরসাইকেল আরোহীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় গুরুতর আঘাত করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে উপজেলার মির্জাপুর ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম (৪৫)। তিনি বাগেরহাট সদর থানার যাত্রাপুর (রহিমাবাদ) এলাকার বাসিন্দা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় সাইফুল ইসলাম ডুমুরিয়ার গুটুদিয়া এলাকা থেকে মোটরসাইকেলযোগে আড়ংঘাটার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মির্জাপুর ওয়াপদা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় গুরুতর আঘাত করে। একপর্যায়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

পরে স্থানীয় এক ভ্যানচালক রাস্তার পাশে গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলামকে দেখতে পান। মানবিক বিবেচনায় তিনি আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনায় পাঠানো হয়।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে কারা এবং কী কারণে এ হামলা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঘটনার বিস্তারিত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে