• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

গাজীপুরে মাদকের স্বর্গরাজ্য: প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে চরম ক্ষোভ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৬, ৮:১২ পূর্বাহ্ন / ৭৭
গাজীপুরে মাদকের স্বর্গরাজ্য: প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে চরম ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ গাজীপুর মহানগরী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট বেপরোয়া হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের রহস্যজনক নীরবতার সুযোগ নিয়ে এই চক্রটি পূর্ব জয়দেবপুর, জোরপুকুর, দক্ষিন ছায়াবিথী, উত্তর ছায়াবিথী, শ্মশান এলাকা এবং বটতলা থেকে মারিয়ালী পর্যন্ত বিস্তৃত এলাকায় মাদকের রাজত্ব কায়েম করেছে।

সিন্ডিকেটের নেপথ্যে যারাঃ অনুসন্ধানে জানা গেছে, এই মাদক চক্রের নেতৃত্বে রয়েছেন বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। তারা নিজেরা ধরাছোঁয়ার বাইরে থেকে মাঠ পর্যায়ের সহযোগীদের মাধ্যমে ফেনসিডিল, ইয়াবা ও মরণনেশা আইস সরবরাহ করছেন।

স্থানীয়দের দাবি, শাওনসহ তার স্ত্রী নুপুর, রুনি, জুথি আরিফের বউ, রবিন, রয়েল, স্মৃতি, আজিজ, আজিজ বউ, ময়লা সাগর, হিমেল, ইয়াসমিন সহ আরো অনেকে এই সক্রিয় চক্রটিকে সরাসরি পরিচালনা করছেন।

প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নঃ সচেতন নাগরিকদের বড় অভিযোগ হলো—সুনির্দিষ্ট তথ্য দেওয়ার পরও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক পূর্ব জয়দেবপুরের শশ্মান রোডের এক বাসিন্দা বলেন, মাদক এখন মুদি দোকানের মতো প্রকাশ্যে বিক্রি হচ্ছে। প্রশাসন সব জেনেও কেন চুপ, সেটা আমাদের বোধগম্য নয়।

প্রধান অভিযোগগুলো একনজরেঃ বিপজ্জনক এলাকা গুলো হলো, পূর্ব জয়দেবপুর, জোরপুকুর, দক্ষিন ছায়াবিথী, উত্তর ছায়াবিথী, শ্মশান ঘাট, বটতলা এবং মারিয়ালী। প্রভাবশালীদের ছত্রছায়ায় এবং স্থানীয় কিছু রাজনৈতিক ও প্রভাবশালী মহলের আশ্রয়ে এই ব্যবসা চলছে। সমন্বিত অভিযানের অভাবে র‍্যাব বা ডিবি পুলিশের দৃশ্যমান কোনো অভিযান দীর্ঘ দিন ধরে পরিলক্ষিত হচ্ছে না।

গণআন্দোলনের হুঁশিয়ারিঃ এদিকে, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় ছাত্রসমাজ ও সাধারণ নাগরিকরা। তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে যদি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক কারবারিদের গ্রেপ্তার করা না হয়, তবে তারা বৃহত্তর গণসচেতনতামূলক কর্মসূচি ও আইনি আন্দোলনে নামবেন।

প্রশাসনের বক্তব্যঃ এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, র‍্যাব এবং ডিবি পুলিশের সমন্বয়ে দ্রুত একটি সাঁড়াশি অভিযান চালিয়ে গাজীপুরকে মাদকমুক্ত করা হবে।