

খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকায় সালমান (২৩) নামে ক্যামেল সিগারেট কোম্পানির এক কর্মীকে গুলি করে তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত সালমান নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডের সবুজবাগ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম জাহাঙ্গীর। তিনি ক্যামেল সিগারেট কোম্পানিতে পিয়ন হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পেটের ডান পাশে গুলি লাগে। এরপর দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে সহকর্মীরা গুলিবিদ্ধ সালমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার খবর পেয়ে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, কী কারণে সালমানকে গুলি করা হয়েছে এবং ল্যাপটপের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :