• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

খুলনায় রাশু হত্যা মামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ১


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন / ১০৯
খুলনায় রাশু হত্যা মামলায় ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ১

খুলনা অফিসঃ খুলনা মহানগরীতে বহুল আলোচিত যুবদল নেতা রাশু হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক অভিযানে মামলায় ব্যবহৃত মোটর সাইকেলসহ এক আসামিকে গ্রেফতার করেছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪৫ মিনিটে কেএমপি’র খানজাহান আলী থানাধীন মাথাডাঙ্গা সোনালী জুট মিল এলাকায় অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মোহাম্মদ কামাল শেখের ছেলে এবং হেলেনা বেগমের সন্তান। তার ঠিকানা ফুলবাড়ি গেট, সোনালী জুট মিলের সামনে অবস্থিত একটি খাবারের হোটেলের মালিক মোহাম্মদ লিয়নের বাড়ির ভাড়াটিয়া।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতারকৃত আসামির কাছ থেকে একটি লাল রঙের অ্যাপাচি আরটিআর মোটরসাইকেল জব্দ করা হয়। পুলিশ জানায়, জব্দকৃত মোটরসাইকেলটি রাশু হত্যা মামলায় ব্যবহৃত হয়েছিল।

উল্লেখ্য, এ ঘটনায় দৌলতপুর থানায় গত ১৯ মার্চ ২০২৬ তারিখে এফআইআর নং-০৭ এর মাধ্যমে দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।