• ঢাকা
  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

খুলনায় জমি নিয়ে বিরোধ : সৎ ভাইয়ের বিরুদ্ধে দোকান দখল ও হামলার অভিযোগ, স্থানীয়দের হাতে আটক হয়ে থানায় হস্তান্তর


প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন / ১৭
খুলনায় জমি নিয়ে বিরোধ : সৎ ভাইয়ের বিরুদ্ধে দোকান দখল ও হামলার অভিযোগ, স্থানীয়দের হাতে আটক হয়ে থানায় হস্তান্তর

খুলনা ব্যুরোঃ খুলনায় শরিকি জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ওহিদুজ্জামান আরিফের সৎ ভাই মোঃ ইসমাইলের বিরুদ্ধে জমি জোরপূর্বক দখল, দোকানে তালা ঝুলিয়ে দেওয়া এবং একাধিকবার মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। সর্বশেষ বিরোধের জেরে স্থানীয় লোকজন ইসমাইলকে আটক করে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওহিদুজ্জামান আরিফ ও তাঁর সৎ ভাই মোঃ ইসমাইলের মধ্যে শরিকি জমি নিয়ে বিরোধ চলে আসছে। অভিযোগ রয়েছে, ইসমাইল শরিকদের জমির একটি দোকান জোরপূর্বক দখলে নিয়ে তাতে তালা ঝুলিয়ে রেখেছেন। এ নিয়ে এলাকায় একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ-বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। অভিযোগ অনুযায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের পরামর্শ উপেক্ষা করে দোকানটি নিজের দখলে রেখেছেন ইসমাইল।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ইসমাইলের আচরণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। তাঁর বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

আরও জানা যায়, এর আগেও জমি নিয়ে বিরোধের জেরে ইসমাইল তাঁর সৎ ভাই আরিফকে ধারালো অস্ত্র দিয়ে হাত ও বুকে আঘাত করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে আরিফ সে সময় কোনো মামলা করেননি। বরং স্থানীয়ভাবে ও পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালিয়ে যান।

সর্বশেষ আজ জমি সংক্রান্ত বিরোধের বিষয়ে কথা বলতে আরিফ সেখানে উপস্থিত হলে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ইসমাইল আবারও আরিফকে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে ইসমাইলকে আটক করেন। পরে তাঁকে সোনাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী আরিফের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিনের এই জমি বিরোধের সুষ্ঠু সমাধান এবং উভয় পক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে আইন অনুযায়ী ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।