• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

কয়রায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ


প্রকাশের সময় : মে ২, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন / ২৫
কয়রায় মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ খুলনার কয়রা উপজেলায় মারধর, টাকা ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেক মোল্লার পুত্র ভুক্তভোগী মোঃ আব্দুর রব মোল্লা।

শনিবার (২ মে ২০২৬) বিকেলে কয়রা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত অভিযোগে আব্দুর রব মোল্লা জানান, তার পিতার মৃত্যুর পর প্রায় ১ লাখ টাকা তার মায়ের কাছে জমা ছিল, যা পরবর্তীতে তার মা তার কাছেই রাখেন। সম্প্রতি তার মা অসুস্থ হয়ে পড়লে টাকার প্রয়োজন দেখা দেয়। এ অবস্থায় গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদের উপস্থিতিতে টাকা ফেরত নেওয়ার কথা বলে তাকে ডাকা হয়।

তিনি অভিযোগ করেন, সেখানে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা উপস্থিত ছিল। কথাকাটাকাটির একপর্যায়ে তারা তাকে মারধর করে এবং তার কাছে থাকা ৫৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সরে যাওয়ার পর অভিযুক্তরা তাকে ধাওয়া করে পুনরায় মারধর করে এবং তার ভ্যানগাড়ির চাবিও ছিনিয়ে নেয়। পরে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ভ্যানের চাবি ফেরত পেলেও ছিনতাই হওয়া টাকা আর ফেরত পাননি।
সংবাদ সম্মেলনে আব্দুর রব মোল্লা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।