

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলায় বাবারগ বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়ার দুই দিন পর লিমা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী সুজন শেখকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।
নিহত লিমা খাতুন শ্রীপুর উপজেলার বড় উদাস গ্রামের হাই জোয়ার্দারের মেয়ে।
অন্যদিকে গ্রেপ্তারকৃত সুজন শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিওড়দাহ কলোনীর মরজেন মিয়ার ছেলে। প্রায় সাত বছর আগে তাঁদের বিয়ে হয়েছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৩০ মার্চ) লিমা খাতুন তাঁর শাশুড়িকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। তবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
বুধবার (১ এপ্রিল) সকাল ১১টার দিকে বড় উদাস গ্রামের একটি মাঠের ঘাস খেতে লিমার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশ ও পিবিআই (PBI) তাৎক্ষণিক তদন্তে নামে। সন্দেহভাজন হিসেবে স্বামী সুজন শেখকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।
বুধবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে সুজন এই হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় সুজন ঝিনাইদহ থেকে লিমার বাবার বাড়ির এলাকায় আসেন। এরপর মোবাইল ফোনে লিমাকে বাড়ির বাইরে নির্জন স্থানে ডেকে নেন। সেখানে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ঘাসের জমিতে ফেলে রেখে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :