• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমন ট্রাকের চাপায় নিহত বেড়ে চারজন : জানাজা নামাজ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৪, ১০:২২ অপরাহ্ন / ১২০
পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা করিমন ট্রাকের চাপায় নিহত বেড়ে চারজন : জানাজা নামাজ অনুষ্ঠিত

শামীম আহমেদ, পাবনাঃ পাবনার সাঁথিয়া-মাধপুর সড়কের রাঙ্গামাটিয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। তাদের জানাজা নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জুমার নামাজের পর সোন্দাহ পুরানপাড়া ঈদগাহ মাঠে জানাজা নামাজের ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। এ সময় জানাজা নামাজে হাজার হাজার মুসল্লি উপস্থিত হন।

এর আগে, ভোর ৫টায় সাঁথিয়া-মাধপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে চার কৃষিশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৫ জন আহত রয়েছেন। নিহতরা হলেন—উপজেলার রাঙামাটিয়া গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের নজিমুদ্দিনের ছেলে ধনী প্রামাণিক (৫০), একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)। রাঙ্গামাটিয়ার মৃত ইমান আলীর ছেলে মো. জলিল (৫৫)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আ. লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে কৃষি শ্রমিকরা পেঁয়াজ লাগানোর জন্য করিমনযোগে অন্য এলাকায় যেতে সাঁথিয়া-মাধপুর সড়কে অপেক্ষা করছিলেন। এ সময় সাঁথিয়াগামী একটি মালবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।