• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি : আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ন / ২
হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি : আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া

মোঃ বাহার মিয়া, ভালুকা, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের জীবনতলা পাকা রাস্তার মাথায় স্থানীয় একটি মাঠে এই সভার আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য এবং ১০নং হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া। তাঁর উদ্যোগেই এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া বলেন, হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি। আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসাকে সঙ্গী করেই আমি আগামী দিনের পথ চলতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয়ে আমি সবসময় আপনাদের সাথে আছি।”
​তিনি আরও বলেন, হবিরবাড়ী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশাগুলো কাছ থেকে শোনা এবং সেগুলোর সমাধানে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও সমর্থন কামনা করে তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হলে ইউনিয়নকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মজিবুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ভালুকা উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদ আলী কুতুব, হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি কালাম চিশতী, হবিরবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আব্দুল করিম এবং ৫নং ওয়ার্ড যুবদল কর্মী কাজল রানা। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে তাঁদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভা শেষে দেশ ও দেশের জনগণের সার্বিক মঙ্গল কামনার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।