• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

সাজাভোগ শেষে ভারতে পাচার হওয়া শিশুসহ ৯ বাংলাদেশি বেনাপোলে ফেরত


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ১০:১৫ অপরাহ্ন / ২৫
সাজাভোগ শেষে ভারতে পাচার হওয়া শিশুসহ ৯ বাংলাদেশি বেনাপোলে ফেরত

আজিজুল ইসলাম, ​বেনাপোল, যশোরঃ ভারতে পাচার হওয়া দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন।

ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

​ফেরত আসা ব্যক্তিরা নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সময় অবৈধ সীমান্ত পথে ভারতে যান। সেখানে বাসাবাড়ি ও খেতখামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন।

আদালত তাদের কারাদণ্ড দিলে সাজাভোগ শেষে ভারতীয় একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।

পরবর্তীকালে দুই দেশের সরকারি প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন। বেনাপোল পোর্ট থানা থেকে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের গ্রহণ করেছে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ওয়ার্কার শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ব্যক্তিদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।