• ঢাকা
  • শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

যশোর সীমান্তে ১৪৭ বোতল মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে ৪৯ বিজিবি


প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন / ৪
যশোর সীমান্তে ১৪৭ বোতল মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে ৪৯ বিজিবি

আজিজুল ইসলাম, যশোরঃ যশোর সীমান্তে বিজিবি ও এসআরবি-৩-এর যৌথ অভিযানে ১৪৭ বোতল মাদকদ্রব্য এবং পৃথক চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৯ হাজার ৯০০ টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ আন্দুলিয়া সীমান্ত এলাকায় বিজিবি ও এসআরবি-৩ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বর্ণি চার রাস্তার মোড় এলাকা থেকে ১৪৭ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোডিন হাইড্রোক্লোরাইড সিরাপ জব্দ করা হয়।

এদিকে, একই দিনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় বিজিবি সদস্যদের পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ৬৪টি শাড়ি, ২টি থ্রি-পিস, ৭টি কম্বল, ১০টি চাদর, ৩ কেজি জিরা, ৩০ প্যাকেট ফুচকা, ৫ কেজি কিসমিস, ৪২০টি চকলেট এবং ৭৩৭টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধ এবং পাচার চক্রের সদস্যদের আটক করতে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।