• ঢাকা
  • বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে ৪৯ বিজিবি


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৬, ৮:২৬ অপরাহ্ন / ৬
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে ৪৯ বিজিবি

আজিজুল ইসলাম, ​নিজস্ব প্রতিবেদক, যশোরঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের পৃথক টহলদল এসব মালামাল আটক করে।

​বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টে তল্লাশি চালানো হয়।

এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া এবং অবৈধভাবে নিয়ে আসা ৩৬টি ভারতীয় শাড়ী, ৮টি থ্রি-পিস, ৮টি কম্বল, ১ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ২৪৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৪২ হাজার ৩২৫ টাকা।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার চক্রকে আটক করার জন্য বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

​তিনি আরও বলেন, বিজিবির এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযানের ফলেই সীমান্ত এলাকায় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা সম্ভব হচ্ছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।