• ঢাকা
  • শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

মাগুরার শ্রীপুরে আসিফ মাহমুদ সম্পদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তখলপুর হান্টার্স বিজয়ী


প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ১১:৩২ অপরাহ্ন / ২২৪
মাগুরার শ্রীপুরে আসিফ মাহমুদ সম্পদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তখলপুর হান্টার্স বিজয়ী

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের তখলপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘আসিফ মাহমুদ সম্পদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী তখলপুর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে এই জমজমাট ক্রিকেট লড়াই অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে— তখলপুর টাইগার্স, তখলপুর কিংস, তখলপুর হান্টার্স এবং তখলপুর ভিক্টোরিয়ানস। নক-আউট পদ্ধতির এই আসরের ফাইনালে মুখোমুখি হয় তখলপুর হান্টার্স ও তখলপুর ভিক্টোরিয়ানস।

ফাইনালে প্রথমে টসে জিতে তখলপুর ভিক্টোরিয়ানস ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ওভারে ১২০ রান সংগ্রহ করে। ১২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তখলপুর হান্টার্স দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট পরিবেশবিদ বাপ্পি সরদার। বিশেষ আবেগঘন মুহূর্তে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন প্রয়াত আসিফ মাহমুদ সম্পদের পিতা সাবেক সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তখলপুর ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আজাদ শেখ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান জাহিদ, আনোয়ার হোসেন আনু, বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তুহিন এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি জিল্লুর রহমান সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, “মাদক ছাড়ো—খেলায় বাড়ো” স্লোগানকে সামনে রেখে সমাজ থেকে মাদক দূর করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণ ও যুব সমাজকে সুস্থ মানসিকতায় বেড়ে উঠতে সাহায্য করে। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের স্থানীয় টুর্নামেন্ট থেকেই একদিন জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।