

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ ডাকাতি করা বিপুল পরিমাণ স্বর্ণের বার ভাগ-বাটোয়ারা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে খুন হয়েছেন মাগুরা পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেন।
৪ নভেম্বর (বুধবার) দুপুরে মাগুরা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ‘গোল্ডেন লাইন পরিবহন’-এর একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলটি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাস থেকে প্রায় ১৫০ ভরি স্বর্ণ লুট করে। এই ডাকাতিতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকেরসহ ১২ থেকে ১৫ জনের একটি চক্র সরাসরি অংশ নেয়।
পরবর্তীতে এই বিপুল পরিমাণ লুট হওয়া স্বর্ণের ভাগ-বাটোয়ারা নিয়ে মারুফের সাথে শাকেরের চরম বিরোধ তৈরি হয়। এরই জেরে গত ২৭ অক্টোবর ভোরে ভাড়াটিয়া খুনি দিয়ে শাকেরকে গুলি করে হত্যা করা হয়।
হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় মাগুরা থানায় পৃথক মামলা দায়ের হলে তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালে এখন পর্যন্ত দুই মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত শুটারসহ বাকি অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :