• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

মণিরামপুরে নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৬, ৬:২৭ অপরাহ্ন / ৪
মণিরামপুরে নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া, খুলনাঃ যশোরের মণিরামপুর উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকায় নদীর পানিতে ভাসমান বস্তা থেকে রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রঞ্জন মণ্ডল কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাছ ধরতে যাওয়ার পথে কয়েকজন ব্যক্তি হেলারঘাট এলাকায় রমেশের পাটার কাছে নদীর পানিতে একটি বস্তা ভাসতে দেখেন। পরে বস্তার ভেতরে মরদেহ রয়েছে বুঝতে পেরে তাঁরা পুলিশকে খবর দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, নদী থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় রঞ্জন মণ্ডলের পরনে ছিল কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি। চোখে ছিল পাওয়ার চশমা। তাঁর ডান হাতে একটি তামার আংটি এবং পায়ে ছিল চকলেট রঙের স্যান্ডেল। এ ছাড়া শার্টের পকেটে একটি কলম ও ডায়েরি পাওয়া গেছে।

তবে তাঁর মৃত্যুর কারণ এবং এ ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।