

কবির হোসেন দেওয়ান, ঢাকাঃ রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ১২টায় আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সভাপতি মোসাদ্দেক হোসেন স্বপন। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, দেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার রক্ষা এবং তাদের জীবনমান উন্নয়নে সংগঠনকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তাই এই খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দম হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যজীবী সমিতির মহাসচিব আলহাজ্ব ইকবাল হোসেন এবং বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি রবীন্দ্রনাথ বামনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির গুরুত্বপূর্ণ ৬টি পদে দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইসরাইল পণ্ডিত। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সৈয়দ বাবুল হোসেন (বাবুল মীর)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ নান্নু মিয়া ও মোহাম্মদ বাশার বাগার। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন নাসির উদ্দিন মহাজন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে এই সংগঠন প্রান্তিক জেলেদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সবাইকে ঐক্যবদ্ধ থেকে দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি এবং সংগঠনের পাশে থাকার আশ্বাস দেন।
সমাপনী বক্তব্যে সভাপতি অ্যাডভোকেট এম. হেলাল উদ্দিন উপস্থিত সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি দ্রুত প্রান্তিক জেলেদের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে সরকারের কাছে দাবি তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :