• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

নিখোঁজের ৮ দিন পর টঙ্গী থেকে শিশু উদ্ধার করলো হাজারীবাগ থানা পুলিশ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন /
নিখোঁজের ৮ দিন পর টঙ্গী থেকে শিশু উদ্ধার করলো হাজারীবাগ থানা পুলিশ

আলী আহসান রবি, ঢাকাঃ রাজধানীর হাজারীবাগে নিখোঁজ হওয়া ১১ বছর বয়সী এক শিশুকে নিখোঁজের আট দিন পর টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৫টার দিকে ঝাউচর বাজার এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১৪ সেপ্টেম্বর হাজারীবাগ থানায় একটি নিখোঁজ জিডি করা হয়।

নিখোঁজ শিশুটির সন্ধানে বাসা থেকে বের হওয়ার সম্ভাব্য পথের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও অনুসরণ করে পুলিশ জানতে পারে, শিশুটি একাই বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে হাজারীবাগ বাজারের লেগুনা স্ট্যান্ডে যায়। সেখান থেকে লেগুনাযোগে গুলিস্তান এবং পরে বাসযোগে বিমানবন্দর এলাকায় যায়। সেখানে পথশিশুদের সঙ্গে খেলাধুলা, পুকুরে গোসল ও বিভিন্ন দোকান থেকে চেয়ে খাবার সংগ্রহ করে সময় কাটায়। পরবর্তীতে ট্রেনে করে কমলাপুর ও টঙ্গী রেলস্টেশনে যায় এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে।

হাজারীবাগ থানা সূত্রে আরও জানা যায়, তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২১ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলস্টেশনের পাশ থেকে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাজারীবাগ থানার নারী ও শিশু হেল্প ডেস্কে শিশুটির শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, ঘটনার দিন সকালে পড়াশোনার বিষয়ে তার বাবা শাসন করায় রাগ করে শিশুটি নিজেই বাসা থেকে বের হয়ে যায়।

তদন্তে আরও জানা যায়, প্রায় দুই মাস আগে একইভাবে কাউকে কিছু না বলে শিশুটি বাসা থেকে বের হয়ে মুন্সিগঞ্জে তার চাচার গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। এ নিয়ে মোট তিনবার শিশুটি নিজের ইচ্ছায় বাসা থেকে বের হয়ে যায়।

নিখোঁজ হওয়ার ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা না থাকায় শিশুটির সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে তাকে তার পিতার জিম্মায় প্রদান করা হয়েছে।