• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

জব্দের আদেশের পরও ১১৯ বাস সড়কে : পুলিশ বলছে, অধিকাংশ বাসের হদিস মিলছে না


প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৬, ৯:০০ অপরাহ্ন / ৮
জব্দের আদেশের পরও ১১৯ বাস সড়কে : পুলিশ বলছে, অধিকাংশ বাসের হদিস মিলছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আদালতের নির্দেশ ছিল এনা পরিবহনের ১১৯টি বাস জব্দ করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জিম্মায় নেওয়ার বা জব্দ করা বাস গুলো পরিচালনার দায়িত্বও দেওয়া হয়েছিল সংস্থাটিকে। কিন্তু আদালতের নির্দেশের প্রায় এক বছর পেরিয়ে গেলেও এর বাস্তবায়ন হয়েছে নাম মাত্র। এ পর্যন্ত জব্দ করা হয়েছে মাত্র ৮টি বাস। বাকি বাস গুলো দিয়ে এখনো চলছে এনা কোম্পানির পরিবহন ব্যবসা।

খুলনা, চট্রগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, পটুয়াখালী ও কক্সবাজারসহ বিভিন্ন রুটে নিয়মিত চলাচল করছে এনা পরিবহনের বাস গুলি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বলছে, তালিকা ভুক্ত অধিকাংশ বাসেরই কোন হদিস পাওয়া যাচ্ছে না। বেশির ভাগ বাস এখন ঢাকার বাইরে বিভিন্ন রুটে চলাচল করছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, তালিকা ভুক্ত বাস গুলোর অধিকাংশই ঢাকার বাইরে থাকায় সেগুলোর অবস্থান শনাক্ত করা কঠিন। তবে রাজধানীতে চলাচল করার কারণে আমরা ৮টি বাস জব্দ করেছি।

এদিকে ফের আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে দুদক কর্মকর্তারা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী বাসগুলো জব্দ করার কথা থাকলেও তা পুরোপুরি কার্যকর হয়নি। বাস জব্দে গতি আনতে তারা আবারও আদালতের দ্বারস্থ হবেন।