

খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর ময়লাপোতা মোড় থেকে গল্লামারী পর্যন্ত শেরেবাংলা সড়কের দুই পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারীরা। ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে অনেককে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হচ্ছে। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের দখল প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তাঁরা।
এদিকে, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত করতে গত দুই দিন ধরে সড়কে মাইকিং করে অবৈধভাবে বসা ব্যবসায়ীদের দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মাইকিংয়ের পরও দখলদাররা নির্দেশনা অনুসরণ করেননি বলে তিনি জানান।
নির্বাহী প্রকৌশলী আরও জানান, ফুটপাত দখলমুক্ত করতে প্রয়োজনে সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং ফুটপাত দখলমুক্ত রাখার কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।
আপনার মতামত লিখুন :