

নিজস্ব প্রতিবেদক, খুলনাঃ খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, সদর কোম্পানি।
র্যাব-৬ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (৮ আগস্ট) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুঁটিখালী গ্রামের খোকন মিয়ার ছেলে নাসির উদ্দীন সেন্টু (৩৭) এবং তার স্ত্রী সাফিয়া বেগম (৩২)। তারা বর্তমানে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় বসবাস করেন। অপর দুজন হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার মো. শফিকের মেয়ে মারিয়াম (২০) এবং আব্দুল্লার স্ত্রী আয়েশা।
র্যাব জানায়, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী এসব মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
র্যাব-৬ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা ইয়াবাসহ তাদের সদর থানায় হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :